“আমাদের প্রতি আস্থা রাখুন; আসুন, নির্বাচন করুন”
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমাদের প্রতি আস্থা রাখুন। আসুন, নির্বাচন করুন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের যাকে ইচ্ছা তাকে মনোনয়ন করবেন। নিশ্চয়ই আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো।
আজ সোমবার আগারগাঁও নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তফসিলে পেছানো যায় কি না- এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, অগ্রিম আমি এই বিষয়ে কিছুই বলবো না, কিছু বলা উচিতও না। যখন পরিস্থিতি আসবে তখন দেখা যাবে। ওনারা (বিএনপি) যদি আসেন আমরা ওয়েলকাম করবো। বিএনপি নির্বাচনে আসলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে।
তফসিলে কি ফেরা সম্ভব বা নাকি বিএনপির জন্য কোনো বিবেচনা থাকবে? এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, দেখেন যদি ফিরতে চান, আমার জানামতে পূর্বেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন। ওনারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যাবে, নিশ্চয়ই আমরা আলোচনা করবো, সিদ্ধান্ত নেবো। ওনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করবো। কখনোই চাইবো না যে ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরিয়ে দেবো। এটা হবে না।
তিনি বলেন, বিস্তারিত এখন কিছুই বলবো না। ওনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না।





